বেবী মওদুদের কুলখানি আজ

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২৩:১৫
সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদের কুলখানি অনুষ্ঠিত হবে আজ। পারিবারিক সূত্রে জানা যায়, বাদ আছর মরহুমের ধানমন্ডির বাসভবনে (হাউজ নং-৪৫, রোড-১০/এ) কুলখানি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত থাকা অবস্থায় গত শুক্রবার দুপুর ৩টার দিকে রাজধানীর এক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি সাপ্তাহিক ‘ললনা’ পত্রিকায় স্টাফ রিপোর্টার পদে যোগদানের মধ্য দিয়েই সাংবাদিকতা শুরু করেন। এরপর ধারাবাহিকভাবে দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক আজাদ, দৈনিক গণবাংলা, দৈনিক মুক্তকণ্ঠ ও বিবিসিতে সাংবাদিকতা করেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর বাংলা বিভাগটি প্রধান বার্তা সম্পাদক হিসেবে গড়ে তুলেছেন। এছাড়া তিনি ছিলেন সাপ্তাহিক বিচিত্রার ভারপ্রাপ্ত সম্পাদক। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোস্যাল অ্যাফেয়ার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।