এইচএসসির ফল ১৩ আগস্ট

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২৩:২১
আগামী ১৩ আগস্ট উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের সকল পরীক্ষার ফল ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হচ্ছে আগামী ১৫ আগস্ট। এবার ৬০ দিন পূর্ণ হওয়ার দুই দিন আগেই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তিনি জানান, ১৩ আগস্ট সকাল ১০টায় বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি হস্তান্তর করা হবে। এরপর দুপুর একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল তুলে ধরা হবে। গত ৩ এপ্রিল থেকে ১৬ জুন দেশের দুই হাজার ৩৫২টি কেন্দে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশে মোট ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী এবার এ পরীক্ষায় অংশ গ্রহণ করে।