হবিগঞ্জে আবাসিক হোটেলগুলোতে বৃহস্পতিবার দুপুরে অভিযানে যায় র্যাব। এ সময় তিনটি হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে হোটেল শাপলা থেকে অসামাজিক কাজে জড়িত থাকার দায়ে আটক এক যুবককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল খালেক জানান, শহরের সিনেমা হল রোড এলাকার হোটেল শাপলায় অসামাজিক কার্যকলাপ চলা এবং হোটেলের লাইসেন্সের মেয়াদ না থাকায় মালিক মহিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক যুবক রাহেল মিয়াকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই এলাকার সিহাব রেস্টুরেন্টের রেজিস্ট্রেশন না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগেও তাকে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। অপরদিকে শ্মশানঘাট সড়কের বিলাস বহুল রোজভিউ হোটেলকে মূল্য তালিকা না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা ও আনিসুর রহমান খান।
