আসামে বাংলাদেশিদের বিরুদ্ধে আন্দোলনের ডাক পরেশ বড়ুয়ার

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২৩:২৩
ভারতের আসাম রাজ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে আশ্রয় নেয়া মুসলিম-হিন্দুদের বিরুদ্ধে অস্ত্র তুলে আন্দোলনের ডাক দিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা। দলের মুখপত্র ‘স্বাধীনতা’ পত্রিকায় সংগঠনের স্বঘোষিত কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়া বলেছেন, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের বিজেপি যে শরণার্থীর মর্যাদা দেয়ার কথা বলেছে, তা আমরা মানি না। স্বাধীনতার বিশেষ অমর দিবস সংখ্যায় সম্পাদকীয়তে পরেশ বড়ুয়া লিখেছেন, বিজেপি বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আর কংগ্রেস বাংলাদেশ থেকে আসা মুসলমানদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহারের জন্য শরণার্থীর মর্যাদা দিতে চাইছে। শুধু অবৈধ বাংলাদেশি নয়, নেপালি, বার্মিজ, ভুটানিদের উত্খাত করতে অস্ত্র তুলে নিয়ে রক্তাক্ত আন্দোলনের ডাক দিয়েছেন পরেশ বড়ুয়া। সম্পাদকীয়তে তিনি বলেছেন, বাংলাদেশিসহ বিদেশিদের বিরুদ্ধে আমার অস্ত্র চলবে। স্বাধীন আসামের সংযুক্ত মুক্তি বাহিনী এ কাজ করবে। এ রকম কোনো পরিস্থিতি হলে তার জন্য আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগই দায়ী থাকবেন বলেও পরেশ বড়ুয়া হুমকি দেন।