রাজধানীতে ঈদের ছুটিতে দুই নারীসহ পাঁচজন খুন হয়েছেন। এর মধ্যে পল্লবীর বিহারী ক্যাম্পে গাঁজা সেবন নিয়ে বিরোধের জের ধরে বন্ধুর কাঁচির আঘাতে ওয়াহিদ (২৫) শাহজাহানপুরে শ্বাসরোধে আনসার সদস্য এমদাদুল হক (২২) ও লালবাগে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ফরহাদ (২৮)। এছাড়া মিরপুরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে অজ্ঞাত নারী (৪০) ও খিলক্ষেতে ডোবা থেকে অপর অজ্ঞাত নারীর (২৩) লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়।
শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দাউদ জানান, কমলাপুর ইনল্যান্ড ডিপো (আইসিডি) ক্যাম্পের আনসার সদস্য এমদাদুল হক। বৃহস্পতিবার রাতে আইসিডি ভবন ও দুই গেটের দায়িত্বে ছিল এমদাদ ও হাসমত নামে একজন নিরাপত্তা কর্মী। কিন্তু গভীর রাতে এমদাদকে খুঁজে না পেয়ে হাসমত অন্যদের খবর দেন। অনেক খোঁজাখুঁজির পর ভোর রাতে আইসিডি ভবনের নিচতলার কাছে একটি ড্রেন থেকে পাওয়া যায় এমদাদের লাশ। তার গলায় কমলা রংয়ের দড়ি প্যাঁচানো ছিল।
তিনি আরও জানান, নিহত আনসার সদস্যের কাছে কোন অস্ত্র ছিল না। তবে ভবন থেকে কিছু খোয়া গেছে কিনা এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। নিহত এমদাদুল হকের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের নাসুলা বাজার। তার বাবার নাম রিয়াজউদ্দিন। এ হত্যাকাণ্ডের ঘটনায় শাহজাহানপুর থানায় মামলা হয়েছে। খুনে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
এদিকে পল্লবী থানার ওসি সৈয়দ জিয়াউজ্জামান জানান, মঙ্গলবার রাতে মিল্লাদ বিহারী ক্যাম্পে খুন হয় ওয়াহিদ। ঘটনা সম্পর্কে তিনি জানান, জসিম ও ওয়াহিদ ঘনিষ্ঠ বন্ধু। তারা দু’জনেই একই ক্যাম্পের বাসিন্দা। ঘটনার দিন রাতে গাঁজা সেবন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জসিম কাঁচি দিয়ে ওয়াহিদের বুকে আঘাত করে। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন। থানায় মামলা হয়েছে। জসিম পলাতক।
লালবাগ থানা পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় শহীদনগর বৌদ্ধপাড়া জেএম সাহা রোড এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে জনতা ফরহাদ, সোহেল, আরিফ ও আনু নামে চারজনকে আটক করে গণপিটুনি দেয়। তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর কর্তব্যরত চিকিত্সক ফরহাদকে মৃত বলে ঘোষণা করেন।
মিরপুর থানার ওসি সালাউদ্দিন জানান, সোমবার রাত ১১টার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনের বি ব্লকের ৪ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির চারতলা থেকে অজ্ঞাত (৪০) এক মহিলার গলিত লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, ঘটনার চারদিন আগে চার যুবক ওই বাড়ির চতুর্থতলা ভাড়া নেয়। সোমবার বাড়ির মালিকের লোকজন ওই ফ্ল্যাট থেকে পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ফ্ল্যাটের তালা ভেঙ্গে মহিলার লাশ উদ্ধার করে। গতকাল পর্যন্ত ওই মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি।
অপর দিকে একই দিন খিলক্ষেত থানা পুলিশ কুরাতলী তিনশ’ ফুট রাস্তার পাশের ডোবা থেকে অজ্ঞাত (২৩) এক মহিলার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। গতকাল পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
