৪৮ ঘণ্টার মধ্যে বেতন অন্যথায় কঠোর কর্মসূচি

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ০০:০০
তোবা গ্রুপের অনশনরত শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস অবিলম্বে পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট যৌথভাবে সংহতি সমাবেশ কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই সংহতি সমাবেশ থেকে শ্রমিক নেতারা ৪৮ ঘন্টার মধ্যে বেতন-বোনাস না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এড. মন্টু ঘোষের সভাপতিত্বে এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক জলি তালুকদার, গাজীপুর জেলা সভাপতি জিয়াউল কবীর খোকন, নারায়ণগঞ্জ জেলা সম্পাদক ইকবাল হোসেন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন খোকন, ঢাকা নগর সভাপতি জুলফিকার আলী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক মৈত্রী বর্মন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিলানি শুভ, রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদ হোসেন প্রমুখ। সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, অবিলম্বে প্রধানমন্ত্রীর তহবিল থেকে শ্রমিকদের পাওনাসমূহ পরিশোধের ব্যবস্থা করুন। অন্যথায় অনশনরত শ্রমিকদের কেউ দুর্ঘটনার শিকার হলে সরকারকে চরম মূল্য দিতে হবে। কমরেড খালেকুজ্জামান বলেন, ৪৮ ঘন্টার মধ্যে মালিকের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় দায়িত্বে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করতে হবে, অন্যথায় গার্মেন্টস শ্রমিকরা সারাদেশে ধর্মঘটসহ কঠোর কর্মসূচি ঘোষণা করে মালিক এবং সরকারকে দাবি পূরণে বাধ্য করবে। তিনি আরো বলেন, শুধু পাওনা পরিশোধই নয়, শ্রমিকদের একটি অংশ কেন ঈদ উত্সব পালন করতে পারল না তার জন্য সরকারকে জবাবদিহি করতে হবে। সমাবেশে সংহতি জানাতে উপস্থিত হন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ হোসেন আশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি মাহবুবুল আলম, যুব ইউনিয়নের সভাপতি কাফি রতন, কমিউনিস্ট পার্টি ঢাকা কমিটির সম্পাদক ডাঃ সাজেদুল হক রুবেল প্রমুখ।