জগন্নাথপুর থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার ছাতকে অভিযান চালিয়ে উপজেলার ৮ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী অপহরণ ও গণধর্ষণের মামলায় পলাতক আসামি কয়ছর মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে। সে ছাতক উপজেলার তকিপুর গ্রামের মছব্বির মিয়ার ছেলে। জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান পিপিএম জানান, স্কুলছাত্রী অপহরণ ও গণধর্ষণের মামলায় কয়ছর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত শুক্রবার মামলার মূল আসামি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক মিশন সেন বাপ্পাকে (২৬) গ্রেফতার করা হয়। ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, স্কুলছাত্রী অপহরণ ও গণধর্ষণের ঘটনায় এ পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
