লন্ডনের রাস্তায় চলছে স্ট্রিট ক্রিকেট। তাও আবার যেখানে সেখানে নয়, খোদ গ্রেট বৃটেনের রাণীর প্রাসাদ বাকিংহাম প্যালেসের সামনে। তবে ম্যাচটি ছিল নিতান্তই সাজানো। বিশ্বকাপ ক্রিকেটের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে গত বুধবার বাকিংহাম প্যালেসের সামনে যে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয় তারই অংশ ছিল এই ডামি ক্রিকেট ম্যাচ। ম্যাচের দর্শক হিসেবে ‘গ্র্যান্ড প্যাভিলিয়নে’ বিশেষ অতিথির আসনে ছিলেন মহামান্য রাণী ও যুবরাজ হ্যারী। দর্শক সারিতে ছিলেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই, অলিম্পিক স্বর্ণপদক জয়ী ইয়োহান ব্লেকসহ আরো অনেক সেলিব্রেটি। ভিভ রিচার্ডস, অনীল কুম্বলে, ব্রেট লিসহ বেশ কয়েকজন সাবেক কিংবদন্তী ক্রিকেটার ওই খেলায় অংশ নেন। শুরুতে রাণীর প্রতি সম্মান জানান বিশ্বকাপের দশ অধিনায়ক। এরপর একে অপরের সাথে কুশল ও উপহার বিনিময় করেন অধিনায়করা। তারপরই শুরু হয় খেলা। ম্যাচের এক পর্যায়ে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকেও ব্যাট হাতে দেখা যায়। ম্যাচে ইংল্যান্ডের হয়ে জয়সূচক রানটি নেন সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। ম্যাচ শেষে ইংল্যান্ডের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন চার বছর আগে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। এসময় ক্লার্ক বলেন: ‘আমার ক্রিকেট ক্যারিয়ারের যতগুলো ভালো স্মৃতি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার জন্য বিশ্বকাপ ট্রফি জয় করা।’ এবারের বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডকে ফেবারিট উল্লেখ করে তিনি বলেন: ‘আমি মনে করি ৫ থেকে ৬টি দেশের বিশ্বকাপ জেতার মতো সক্ষমতা আছে। তবে সবচেয়ে ভালো ফর্মে রয়েছে ইংল্যান্ড। তারা বেশ ভালো প্রস্তুতিও নিয়েছে।’
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেজে ওঠে বিশ্বকাপের থিম সং ‘স্ট্যান্ড বাই’। দর্শকদের মুহুর্মুহু করতালি ও উল্লাসের মধ্যদিয়ে পর্দা ওঠে বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরের। বাকিংহাম প্যালেসের ‘দি মল’-এ বর্ণাঢ্য আয়োজন উপভোগ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা চার হাজার নারী পুরুষ। এদের মধ্যে প্রবাসী বাঙালিও ছিলেন অসংখ্য। কথা হয় চট্টগ্রামের যুবক জহিরের সাথে। তিনি এসেছেন ইংল্যান্ডের কেন্ট থেকে। রেস্টুরেন্ট ব্যবসায়ী জহির বলেন, ‘বাংলাদেশ টিমকে নিয়ে আমাদের অনেক আশা। আমরা চ্যাম্পিয়ন হতে না পারি, তবে যেন ফাইট দিয়ে সকলের সমীহ আদায় করতে পারি, আমরা সেটাই চাই।’
