লেখক, সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ধানমন্ডিস্থ নিজ বাসায় অনুষ্ঠিত কুলখানিতে প্রয়াত এ সাংবাদিকের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। কুলখানিতে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রায় পাঁচ দশকের সাংবাদিকতা জীবনে বেবী মওদুদ বিবিসি, দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, বাসস ও সাপ্তাহিক বিচিত্রাসহ বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেন। ১৯৬৭ সাল থেকে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন বিষয়ে লেখালেখি করেছেন বেবী মওদুদ। লিখেছেন শিশু-কিশোরদের জন্যও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পাদনাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
