পুরান ঢাকার বংশালের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সুলতান মিয়া (৫৫) ও সাইজুদ্দিন (৩৫)। তারা ঐ হোটেলের বোর্ডার ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে সিদ্দিকবাজার এলাকায় কাঠের তৈরি দোতলা একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঐ বাড়ির নিচতলায় চাঁদপুর বোর্ডিং ও দোতলায় বাংলাদেশ মুসলিম আবাসিক হোটেল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার জানান, রাত ৩টা ২৪ মিনিটে বংশালের ১৪৮, সিদ্দিকবাজার ঠিকানার দ্বিতীয় তলায় বাংলাদেশ মুসলিম আবাসিক হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল পৌনে ৭ টার দিকে আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলা হয়।
তিনি আরো জানান, আগুনে ঐ হোটেলের দুই বোর্ডার ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। নিহতদের মধ্যে সুলতানের বাসা পুরান ঢাকার লালবাগ ও সাইজুদ্দিনের বাসা শুড়িটোলা। তারা উভয়ই ব্যবসায়ী। অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এজন্য ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বংশাল থানার ওসি (তদন্ত) আবুল হাসান জানান, লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
