সহিংস আন্দোলনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা :স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২২:১৩
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি সহিংস আন্দোলনের চেষ্টা করলে প্রশাসন চুপ করে বসে থাকবে না, সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেরি হবে না। শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে দেশরত্ন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরো বলেন, আন্দোলনের নামে গত ৫ জানুয়ারির নির্বাচনের আগের মতো জ্বালাও-পোড়াও, পেট্রোল ঢেলে বাসে আগুন দিয়ে মানুষ হত্যার মতো জঘন্য কাজ করলে সরকার কঠোর পদক্ষেপ নিতে যা যা দরকার তাই করবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখন আন্দোলন করে লাভ নেই। কারণ জনগণ ধ্বংস নয়, শান্তি চায়। তারপরও বিএনপি আন্দোলনের ডাক দিচ্ছে, হুমকি দিচ্ছে। বিএনপির একজন বলছেন, তারা কুচকাওয়াজ করবেন। আরেকজন বলেন যুদ্ধ করবেন। তবে কুচকাওয়াজ করেন, বাঁশি বাজান আর ঢোল বাজান, ঘরে বসে বাজান। কেউ বাধা দেবে না। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, রাজনৈতিক কর্মসূচি দিলে আমরাও কর্মসূচির মাধ্যমে মোকাবেলা করবো। নিয়মতান্ত্রিক কর্মসূচিতে কোন বাধা নেই। আয়োজক সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে মনোরঞ্জন ঘোষালসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।