ইমরান তাহিরের অনন্য কীর্তি

আপডেট : ৩০ মে ২০১৯, ২২:০৪

গতকাল ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল এবারের বিশ্বকাপ। আর এবারের আসরের প্রথম বলটি করে ইতিহাসে নতুন এক কীর্তি গড়ে ফেললেন ইমরান তাহির। তিনিই প্রথম স্পিনার, যিনি কোনো বিশ্বকাপের প্রথম বল করলেন। ইমরান হতাশ করেননি। মাত্র দ্বিতীয় বলেই জনি বেয়ারস্টোর উইকেট তুলে নিয়েছেন। ইমরানের আগে বিশ্বকাপের সবগুলো আসরে প্রথম বল করেছিলেন কোনো না কোনো পেস বোলার। ১৯৭৫ সালে ভারতের মদনলাল, ১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ডি রবার্টস, ১৯৮৩ সালে নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি, ১৯৮৭ সালে শ্রীলঙ্কার ভিনোথেন জন, ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার ক্রেইগ ম্যাকডারমট, ১৯৯৬ সালে ইংল্যান্ডের ডমিনিক কর্ক, ১৯৯৯ সালে ইংল্যান্ডের ড্যারেন গফ, ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার শন পোলক,  ২০০৭ সালে পাকিস্তানের উমর গুল, ২০১১ সালে বাংলাদেশের সফিউল ইসলাম, ২০১৫ সালে শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকেরা প্রথম বল করেছিলেন।