মাদারীপুরের শিবচরে ফয়জুল শেখ নামের এক ব্যক্তি ৩৩ বিয়ে করে বিপাকে পড়েছেন। তার নামে বিভিন্ন জেলায় যৌতুক ও নারী নির্যাতনের মামলা বিচারাধীন রয়েছে। এ পর্যন্ত অনেক বার গ্রেফতার হয়েছেন। সমপ্রতি শিবচর থানা পুলিশ ফয়জুলকে মাদবরচর হাট থেকে গ্রেফতার করে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মাদবরচর ইউনিয়নের কালাই হাজীরকান্দি গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে ফয়জুল শেখ ঢাকায় একটি ইমপোর্ট এক্সপোর্ট অফিসের সহকারী। কাজের সূত্রে ঘুরে বেড়ানোর সুযোগ থাকায় বগুড়া, নরসিংদী, শরিয়তপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তিনি ৩৩টি বিয়ে করেছেন। এর মধ্যে ১১ জন স্ত্রীর সাথে বর্তমানে তার যোগাযোগ রয়েছে। বাকিদের তালাক দিয়েছেন। বিভিন্ন স্ত্রীর ঘরে তার সন্তানের ৭ বছর আগে নাসিমা নামের এক নাবালিকাকে বিয়ে করেছিলেন। বর্তমানে তাকে নিয়েই সংসার করছেন। তার প্রথম স্ত্রী জমিলার করা নারী নির্যাতনের মামলায় সমপ্রতি তার ২ মাসের সাজা হয়। শরীয়তপুরের জাজিরার এক স্ত্রীর করা একটি নারী নির্যাতনের মামলায় তার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট আছে। এছাড়া বিভিন্ন থানায় করা ১১টি মামলা বিচারাধীন রয়েছে।
ফয়জুলের প্রথম স্ত্রী ৬ সন্তানের জননী জমিলা বেগম (৪০) বলেন, আমার স্বামী খুব দুশ্চরিত্রের। সে দেশের বিভিন্ন স্থানে গিয়ে লোভ লালসা ও ভালবাসার অভিনয় করে মেয়েদের বিয়ে করে। বাচ্চা হলেই সে অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়ে। আমার জানা মতে সে ৩৫টির মতো বিয়ে করেছে। তার ৪৭টির মতো সন্তান রয়েছে।
শিবচর থানার এএসআই নিউটন দত্ত বলেন, ফয়জুলের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
