উপজেলার হিমারদীঘি এলাকায় গত বুধবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন গুলি করে এক ঝুট ব্যবসায়িকে খুন করেছে। নিহত আরজু (৩৫) দত্তপাড়ার বাসিন্দা। এ ঘটনায় জড়িত জিসিসি টঙ্গী আঞ্চলিক কার্যালয়ে কর্মরত নিহতের ব্যবসায়িক অংশীদার ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়িক দ্বন্দ্বে হিমারদীঘি এলাকায় তারিন নিটেক্স নামে একটি প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের ভেতরে খালি প্লটে বসে তিন ব্যবসায়িক অংশীদার আরজু, ওমর ফারুক ও পলাশ কথা বলছিলেন। এক পর্যায়ে ওমর ও পলাশ পাশের দোকানে চা পান করতে যায়। এ সময় তিন যুবক এসে আরজুকে পরপর দুটি গুলি করে রিকসায় করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওমরসহ স্থানীয়রা আরজুকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরে টঙ্গী মডেল থানার সেকেন্ড অফিসার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়দেবপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম হোসেন রূপা বাদী হয়ে টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার ভিত্তিতে ঘটনার রাতেই পুলিশ ওমর ফারুককে উত্তরা থেকে গ্রেপ্তার করে।
