চাঁদপুরে ডেম্যু ট্রেনে যাত্রীদের পাথর নিক্ষেপ

আপডেট : ০১ আগস্ট ২০১৪, ২৩:০৩
অতিরিক্ত যাত্রী হওয়ায় ট্রেনে উঠতে না পেরে যাত্রীরা পাথর নিক্ষেপ করলে ডেম্যু ট্রেনের ইঞ্জিন বগির গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে যায়। ফলে চাঁদপুর-কুমিল্লায় চলাচলকারী একমাত্র ডেম্যু ট্রেনটি গতকাল শুক্রবার থেকে বন্ধ রয়েছে। বিকল্প ট্রেন না দেয়ায় ঈদের পর কর্মমুখী যাত্রীরা ট্রেন স্বল্পতায় সীমাহীন দুর্ভোগে পড়েছে। ডেম্যু ট্রেনের চালক আবুল হোসেন জানায়, গত বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁদপুর থেকে কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় অতিরিক্ত যাত্রী হওয়ায় অন্য যাত্রীরা ট্রেনে উঠতে না পেরে ক্ষিপ্ত হয়ে ট্রেন লাইনের পাথর ইঞ্জিনের বগিতে ছুঁড়ে মারে। এতে ইঞ্জিনের বগির সামনের গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে যায়। ট্রেন চালানো তখন দুস্কর হয়ে পড়লেও যাত্রীদের চাপেরমুখে ঝুঁকি নিয়ে ট্রেনটি লাকসাম পর্যন্ত পৌঁছায় এবং পরবর্তীতে এ ট্রেনের সকল সিডিউল বাতিল করা হয়। ট্রেনের ইঞ্জিন বগির গ্লাস মেরামত না হওয়া পর্যন্ত ট্রেনটির চলাচল সম্ভব নয় বলে জানিয়েছেন চাঁদপুর স্টেশন মাষ্টার মোহাম্মদ হোসেন মজুমদার। ট্রেনটি বর্তমানে লাকসাম স্টেশনে রয়েছে। এদিকে ডেম্যু ট্রেনে হামলার ব্যাপারে রেলওয়ের কর্মকর্তা বাদী হয়ে চাঁদপুর জিআরপি থানায় একটি জিডি করেছেন।