শেয়ারবাজারে চামড়া খাতের দর ঊর্ধ্বমুখী

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:০৪
শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু লিমিটেডের চলতি বছরের প্রথমার্ধের মুনাফা বেড়েছে। চামড়া খাতের বড় মূলধনি কোম্পানির মুনাফা বৃদ্ধির কারণে গোটা খাতেই এর ইতিবাচক প্রভাব পড়েছে। ঈদের আগে লেনদেন হওয়া সর্বশেষ সপ্তাহে এ খাতের বাজার মূলধন বাড়ে ৩ দশমিক ২৮ শতাংশ। এদিকে বাটা সু ছাড়াও এপেক্স ট্যানারি এবং এপেক্স ফুটওয়্যারের দরও বৃদ্ধি পেয়েছে ওই সপ্তায়। তথ্যে দেখা গেছে, লেনদেন হওয়া সর্বশেষ সপ্তায় চামড়া খাতের কোম্পানিগুলোর দর বৃদ্ধির সঙ্গে বেড়েছে লেনদেনও। এ সপ্তায় চামড়া খাতের শেয়ারের লেনদেন ৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮ কোটি ৪৮ লাখ টাকা। পাশাপাশি সপ্তাহশেষে এ খাতের পাঁচটি কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৯৪৫ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকা। সপ্তাহের শুরুতে বাটা সুর দর ছিল ৯২৩ টাকা ৮০ পয়সা, যা সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৯৬৭ টাকা ৪০ পয়সায়। সর্বশেষ অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ ২৭ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকা, যা আগের বছর একই সময় ছিল ২৪ কোটি ৩৩ লাখ ৭০ হাজার টাকা। অর্থাত্ এ সময়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৪ দশমিক ৫৩ শতাংশ। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৩৭ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১৭ টাকা ৭৯ পয়সা। এছাড়া এপ্রিল-জুন এ তিন মাসে বাটা সুর মুনাফা বেড়েছে ১৮ দশমিক ১৩ শতাংশ। কোম্পানিটির মুনাফা হয়েছে ১১ কোটি ৪২ লাখ ১০ হাজার টাকা, যা আগের বছর একই সময় ছিল ৯ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকা। এ সময় কোম্পানিটির ইপিএস ৮ দশমিক ৩৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৭ টাকা ৭ পয়সা। তথ্যে দেখা গেছে, এপেক্স ট্যানারির শেয়ারের দর সপ্তাহের শুরুতে ছিল ৩২২ টাকা, যা সপ্তাহশেষে ৩২৪ টাকায় এসে দাঁড়ায়। একই সময়ে লিগ্যাসি ফুটওয়্যারের দর কিছুটা কমেছে। তবে সপ্তাহের শেষ কার্যদিবসে কিছুটা বেড়েছে শেয়ারটির দাম।