বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বৈশ্বিক শুল্ক সহজীকরণ সম্পর্কিত চুক্তিটি অনুমোদন হয়নি। এর ফলে সংস্থাটি অনিশ্চিত নতুন এক বলয়ে পড়লো বলে মনে করছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার ডব্লিউটিও চুক্তিটি অনুমোদন না হওয়ার বিষয়টি ঘোষণা করে।
সংস্থাটির মহাপরিচালক বরার্তো আজেভেদেন বলেন, চুক্তি অনুমোদনে মতপার্থক্য দূর করতে কোনো ধরনের সমাধান খুঁজে পাওয়া যায়নি। ফলে চুক্তিটি অনুমোদন করা সম্ভব হয়নি। এদিকে বৈশ্বিক শুল্ক ব্যবস্থা গতিশীল করতে গত বছরের ডিসেম্বরে বালি সম্মেলনে বাণিজ্য সহজীকরণ চুক্তি নামে একটি খসড়া প্রস্তাব গৃহীত হয়। যা গেল মাসে চূড়ান্ত হওয়ার কথা ছিল। তবে ভারতের দাবিসহ সংস্থাটির কয়েকটি সদস্য দেশের মধ্যে কিছু বিষয়ে মতবিরোধ দেখা দেয়। এর কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত চুক্তিটি অনুমোদন করা সম্ভব হয়নি। আজেভেদো গত বৃহস্পতিবার এ সমাধানের একটি পন্থা উদ্ভাবনের জন্য দিনব্যাপী ডব্লিউটিওর অভ্যন্তরীণ আঞ্চলিক গ্রুপগুলোর সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি চুক্তি অনুমোদনে ব্যর্থতার ঘোষণা দেয়ার আগে ১৬০ সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। আজেভেদো চুক্তি অনুমোদনের ব্যর্থতা সতর্কতার সঙ্গে পর্যালোচনার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।
ডব্লিউটিওতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইকেল পাংকে বলেন, এই ব্যর্থতা সংস্থাটিকে অনিশ্চিত নতুন এক আবর্তে ঠেলে দিবে। জেনেভায় বৈঠকশেষে তিনি বলেন, বালি সম্মেলনের প্রস্তাবে কিছু দেশের পিছটানের ঘটনা হতাশাব্যঞ্জক।
জানা গেছে, ভারত খাদ্য মজুদকরণ ও খামার ভর্তুকি নিয়ে বাণিজ্য সমঝোতার ব্যাপারে সন্তুষ্ট নয়। ইউরোপীয় ইউনিয়ন এবং উন্নয়নশীল ও উদীয়মান ২৫ দেশের গ্রুপ ইতিমধ্যে এর সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এই প্রতিবন্ধকতা আগামীতে অনুষ্ঠেয় দোহা সম্মেলনে প্রভাব ফেলতে পারে।
