জিয়ানগরে বরফ সংকট সাগরগামী জেলেরা বিপাকে

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:৩০
জিয়ানগরের পাড়েরহাটে বরফ মিলগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে মত্স্য ব্যবসায়ীরা। পিরোজপুর উপজেলার বাদুড়া গ্রামে মত্স্য আড়ত গড়ে উঠলেও পাড়েরহাট খালের উভয় প্রান্তকে ঘিরেই পাড়েরহাট মত্স্য বন্দর। আগে এই বন্দরে ৬টি বরফ মিল ছিল। বর্তমানে বিদ্যুত্ সংকটসহ নানা কারণে ৪টি বরফ মিল বন্ধ হয়ে গেছে। মাত্র দুটি মিলে উত্পাদিত বরফ দিয়ে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। মাত্র কয়েক মাস আগেও সাগরে তেমন কোন মাছ পায়নি জেলেরা। কিন্তু বর্তমানে সাগরে অনেক মাছ ধরা পড়ায় মত্স্য ব্যবসায়ীরা মৌসুমের শুরুতেই জাল ও ট্রলার গুছগাছ করে সাগরে পাঠাতে শুরু করেছেন। শুধুমাত্র বরফ সংকটেই অনেকটা বেকায়দায় পড়েছেন এইসব মাছ ধরা ট্রলার মালিকেরা। পাড়েরহাট বন্দরের কয়েকজন ট্রলার মালিক জানান, পাড়েরহাটের বরফ মিলগুলোতে লোডশেডিং-এর কারণে আমরা সময়মত বরফ পাই না। তাই সাগরে ট্রলার পাঠাতে অনেক সমস্যা হয়। আর লোডশেডিং-এর ফলে আয়ের থেকে ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই মিলগুলো বন্ধ হয়ে গেছে। পাড়েরহাট বাসস্ট্যান্ডের বরফ ভাঙ্গানো মেশিনের মালিক বাদল (৩২) জানান, পাড়েরহাট বরফ মিল থেকে এক পিস বরফ কিনতে লাগে একশ’ টাকা আর খুলনা থেকে বরফ আনার পরে দাম হয় দুইশ’ টাকা। বিদ্যুতের সমস্যার কারণে পাড়েরহাটের চারটি বরফ মিল বন্ধ হয়ে গেছে। ট্রাকযোগে খুলনা থেকে বরফ নিয়ে আসা ফাতেমা আইসের মতিয়ার রহমান জানান, পাড়েরহাটে বরফ না থাকায় আমাদের কাছ থেকে বরফ কিনছেন বরফ ভাঙ্গানো মিলের মালিকরা। তারা আবার বরফ ভাঙ্গিয়ে বিক্রি করছেন সাগরগামী জেলেদের কাছে। তাই খুলনা থেকে পাড়েরহাটে বরফ নিয়ে আসতে হয়।