জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা বলেছেন, বিএনপি রাজাকারদের নিয়ে আন্দোলনের যে হুমকি দিচ্ছে সেই আন্দোলন যদি নিয়মতান্ত্রিক না হয়; মানুষের জানমালের ক্ষতি করে, বাসে পেট্রোল বোমা মেরে যদি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে, মানুষকে পুড়িয়ে মারে তাহলে ১৪ দল সাধারণ মানুষদের পক্ষে থেকে ওই জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা প্রতিহত করবে। গতকাল শনিবার বিকালে জাতীয় পার্টির (জেপি) নওগাঁ জেলা কমিটি গঠন ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ৯ম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী সাইদুর রহমান বকুল। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সৈয়দ সালাউদ্দিন আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন নজরুল ইসলাম প্রাং, আব্দুল মালেক মিঠন, মোজাম্মেল হক কবিরাজ, হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
পরে সাইদুর রহমান বকুলকে নওগাঁ জেলা আহ্বায়ক ও হাফিজুর রহমান হাফিজকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এর আগে দুপুরে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও সাবেক সংসদ সদস্য স ম জাহাঙ্গীরের কবর জিয়ারত করেন জেপি’র প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা।
