দুর্গাপুরে বিএনপি অফিসে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলা

আপডেট : ০২ আগস্ট ২০১৪, ২২:৫৫
জেলায় দুর্গাপুর উপজেলা বিএনপির অফিসে গত শুক্রবার রাতে হঠাত্ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা-ভাংচুর করেছে। এ সময় তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার ছবিতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় গতকাল শনিবার স্থানীয় অডিটরিয়ামে অনুষ্ঠিতব্য দুর্গাপুর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অধিবেশন পণ্ড হয়ে যায়। পরে এ সম্মেলন দুর্গাপুর পৌর এলাকা থেকে ১০ কিলোমিটার দূরে ঝাঞ্ঝাইল বাজারে গতকাল বিকালে পুলিশের নিরাপত্তায় অনুষ্ঠিত হয়। দুর্গাপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ জানান, উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অধিবেশন গতকাল স্থানীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সন্মেলনের সকল প্রস্তুত শেষ হওয়ার পর গত শুক্রবার রাতে হঠাত্ উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকদের একটি মিছিল পৌর এলাকায় বের হয়। এ সময় তারা উকিলপাড়ায় বিএনপি অফিসে হামলা-ভাংচুর করে। কয়েকটি ককটেলের বিস্ফোরণের শব্দও এ সময় পাওয়া যায়। এক পর্যায়ে হামলাকারীরা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার ছবিতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় দুর্গাপুরে আতংক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। এদিকে আওয়ামী লীগ নেতারা অডিটরিয়ামটি বিএনপির কাছে ভাড়া দেয়ায় লিজকারী রফিকুল ইসলামকে হুমকি দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভুঁইয়া জানান, সরকার দলের লোকজন তাদের অফিসে হামলা-ভাংচুর করে সন্মেলন পন্ড করে দেয়। তবে উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান বলেন, আওয়ামী লীগ কোন হামলা করেনি। বিএনপির দলীয় কোন্দলকে কেন্দ্র করে নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে। আটপাড়ায় বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাংচুর নেত্রকোনা প্রতিনিধি:জেলায় আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলামের (৩৫) ওপর হামলার জের ধরে গতকাল শনিবার দুপুরে হামলাকারীদের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সংশ্লিষ্টসূত্রে জানা যায়, খায়রুল ইসলাম গত শুক্রবার রাতে তেলিগাতি বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জের ধরে বিএনপি নেতা মামুন, জাকির ও আওয়ালের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা করে। এর জের ধরে গতকাল দুপুরে খায়রুল ইসলামের সমর্থকরা মামুনের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে।