বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, খুব শিগগিরই বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলনের কর্মসূচি তাড়াতাড়ি চূড়ান্ত হবে। এজন্য শিগগিরই দলের স্থায়ী কমিটি ও জোটের বৈঠক হবে। এর পরপরই তা গণমাধ্যমকে জানানো হবে।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ ীয় কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
রিজভী বলেন, আওয়ামী লীগ আন্দোলন করতে এসে পালিয়ে গিয়েছিল, এরশাদের সঙ্গে নির্বাচন করে জাতীয় বেইমান হয়েছে। তবে বিএনপি আন্দোলনে নেমে পালিয়ে যাবে না। যত হুমকি ধামকি দেন কোন কাজ হবে না। সরকার অস্ত্রের ভাষায় কথা বললে ভিন্ন পন্থায় জবাব দেবে বিএনপি।
তাদের আন্দোলন শান্তিপূর্ণ হবে জানিয়ে বিএনপি নেতা বলেন, যদি সরকার অস্ত্রের ভাষা প্রয়োগ করে, তখন আমাদের ভিন্ন পন্থা অবলম্বন করা ছাড়া গত্যন্তর থাকবে না। তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন ঠেকাতে সরকার ভীত হয়ে ভারসাম্যহীন কথাবার্তা বলছে। আন্দোলনের কথা শুনে সরকারের মন্ত্রীরা আতঙ্কে রয়েছেন।
তোবা গ্রুপের পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে মালিকদের বাধ্য না করার জন্য সরকারের সমালোচনাও করেন রিজভী।
