গতকাল শনিবার সন্ধ্যায় ভৈরব শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড টিয়ারসেল ও ৭১ রাউন্ড ফাঁকা গুলি করে। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে ভৈরবপুর দক্ষিণ পাড়া বালোর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনার পরপরই রাতে আইস কোং বেকারির মোড়ে সালিশ বসে। ওই সালিশ থেকে কসাইবাড়ি ও বাওরা বাড়ির দুই গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরই জের ধরে গতকাল শনিবার সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে ভৈরবপুর দক্ষিণ পাড়ায় বঙ্গবন্ধু সরণিতে ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড টিয়ারসেল ও ৭১ রাউন্ড গুলি করে। এ নিয়ে এলাকায় উভয় পক্ষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের সময় ২ জনকে আটক করেছে পুলিশ।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামরুল ইসলাম জানান, এ ঘটনায় ৮ পুলিশ কনস্টেবল আহত হয়।
