ডিএসইতে আড়াই মাসে সর্বোচ্চ লেনদেন

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২০:২৪
গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৮ কোটি টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ২৬ শতাংশ বেশি। এর আগে ১১ জুন ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৪৩৭ কোটি টাকা। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গতকাল ৫৭টি কোম্পানির শেয়ার দর ৩ শতাংশ বা তার চেয়ে বেশি হারে পরিবর্তিত হয়েছে। তবে কিছু শেয়ারের দাম কম থাকায় বাজারে কিছু নতুন ফান্ড বিনিয়োগে এসেছে। এর উপর ভর করে বাজারের লেনদেন ৩১ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। গতকাল লেনদেনের ক্ষেত্রে বড় মূলধনী কোম্পানিগুলোর অবদান ছিল বেশি। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪২০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪২৮ কোটি ৭০ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৮৯ কোটি ১৭ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬১১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩১ কোটি ৯২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা কম। লেনদেনকৃত ২০২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮২টির কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের। ফার কেমিক্যাল ও শাহজিবাজার পাওয়ারের শেয়ারের দর কোন মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিকহারে বাড়ার কারণ অনুসন্ধান করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে দুই সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। গতকাল বিকেলে এ সংক্রান্ত দুটি আদেশ জারি করে কমিশন। আদেশে বলা হয়, ফার কেমিক্যালের শেয়ারের দর অস্বাভাবিকহারে বাড়ার কারণ তদন্তের জন্য পরিচালক আবুল কালাম ও সহকারী পরিচালক ইকবাল হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া শাহজিবাজার পাওয়ারের শেয়ারের দর অস্বাভাবিকহারে বাড়ার কারণ তদন্তের জন্য উপ-পরিচালক ইউসুফ ভূঁইয়া ও সহকারী পরিচালক রাকিবুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।