বর্তমানে এক কোটি ৬১ লাখ মানুষ মোবাইল ব্যাংকিং হিসাব খুলে এ সেবা নিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, ই-কমার্স এগিয়ে চলছে। ই-কমার্সের মাধ্যমে ঘরে বসেই জিনিস কেনাবেচা শুরু হয়েছে ব্যাপকভাবে। গতকাল বাংলাদেশ ব্যাংকে নবনিযুক্ত সহকারী পরিচালকদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের সমাপনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক আতাউর রহমান, ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
গভর্নর বলেন, সদ্য সমাপ্ত অর্থ বছরে প্রাক-নির্বাচনকালীন রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সত্ত্বেও দেশের অর্থনীতির সূচকগুলো ইতিবাচক রাখা ছিল আমাদের জন্যে একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক সময়োপযোগী মুদ্রানীতি ও ঋণনীতি প্রণয়ন করে এবং ব্যবসা ও বিনিয়োগবান্ধব নীতি-পদক্ষেপ গ্রহণ করে। ফলে এমন বৈরী পরিস্থিতিতেও অর্থনীতির অধিকাংশ সূচক ইতিবাচক ধারায় বজায় থাকে। রাজনৈতিক অস্থিরতা না থাকলে জিডিপি প্রবৃদ্ধি আরো বেশি হতে পারতো। তিনি বলেন, আন্তর্জাতিক ঋণমান সংস্থা এস এন্ড পি এবং মুডিস এর মুল্যায়নে বাংলাদেশের সার্বভৌম ঋণমান ধারাবাহিক সন্তোষজনক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যত্ সম্ভাবনাময়।
