কাবুলে আত্মঘাতী হামলায় অন্তত ছয়জন নিহত

আপডেট : ৩০ মে ২০১৯, ২২:২৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন। পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, কাবুলের মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পেরে হামলাকারী নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। ক্যাডেটরা বিশ্ববিদ্যালয়টি থেকে বের হওয়ার সময় বিস্ফোরণটি ঘটানো হয়। বিশ্ববিদ্যালয়টি আফগানিস্তানের প্রধান কর্মকর্তা প্রশিক্ষণ একাডেমিগুলোর একটি। কোনো গোষ্ঠী তাত্ক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। মস্কোতে তালেবান প্রতিনিধিদের সঙ্গে আফগানিস্তানের জ্যেষ্ঠ রাজনীতিকদের শান্তি আলোচনা চলার মধ্যেই এ হামলাটি চালানো হলো। তারা আফগানিস্তানে ১৮ বছর ধরে চলা গৃহযুদ্ধ অবসানে একটি সমঝোতায় পৌঁছতে রাশিয়ার রাজধানীতে আলোচনায় বসেছেন।