কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরের দরদরা গ্রামে একটি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার এড়াতে পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। এদিকে পুলিশ এজাহারভুক্ত ৮জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
জানা গেছে, ঈদের দিন ঈদগাহ্ মাঠের সীমানা নির্ধারণ নিয়ে গ্রামের দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে দরদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে একপক্ষ অনুপস্থিত থাকে। তাদের আনতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের বল্লমের আঘাতে ভাঙারি ব্যবসায়ী বাবুল মিয়া নিহত হন। এ ঘটনায় নিহতের ছেলে দিদারুল আলম বাদী হয়ে ২২জনের নামোল্লেখসহ ১৫-২০জনকে অজ্ঞাত আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নিহতের পরিবার ও স্বজন ছাড়া পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। বাড়িগুলোতে শিশু ও মহিলা ছাড়া কেউ নেই। উদ্বেগ-উত্কণ্ঠা বিরাজ করছে পুরো গ্রামে।
