টঙ্গীতে সিএনজি চোর চক্রের নারী সদস্যসহ গ্রেফতার ৪

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২১:৫২
টঙ্গীর এরশাদ নগর শালিকচূড়া এলাকা থেকে গত শনিবার রাতে আন্তঃজেলা সিএনজি চোরচক্রের নারীসহ সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— হাকিম, ফারুক, সাগর ও মনি আক্তার। জানা যায়, শনিবার রাত ৮টার দিকে চোর দলের সদস্যরা গাজীপুরের কোনাবাড়ি বাসষ্ট্যান্ড থেকে টঙ্গী যাওয়ার জন্য সিএনজি ভাড়া করে। টঙ্গী আসার পথে ভোগড়া চৌরাস্তা এলাকার একটি দোকানে তারা চা পান করে। এ সময় কৌশলে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে সিএনজি চালককে চা পান করায়। এতে চালক অচেতন হয়ে পড়লে চোরেরা সিএনজিটি নিয়ে পালাতে থাকে। রাতে টঙ্গী মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান শালিকচূড়ার বর্ষণ সিনেমা হলের সামনে থেকে সিএনজিসহ সঙ্ঘবদ্ধ চোরচক্রের সক্রিয় ওই ৪ সদস্যকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।