ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেল ক্রসিংয়ে দুর্ঘটনাস্থলে এখনো শোকাহত মানুষের ভিড়। ঘটনাস্থল দেখতে প্রতিদিন শত শত মানুষ আসছে। তারা দুর্ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করছেন। দুর্ঘটনাস্থলে বাসের ধ্বংসাবশেষ দেখছেন। ধ্বংসাবশেষ দেখতে আসা পুরুষদের চেয়ে মহিলাদের সংখ্যাই বেশি। কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামের নূরজাহান জানান, বাসের সাথে ট্রেনের ধাক্কায় অনেক মানুষ মারা গেছে এ খবর শুনে দুঃখ পান। এরপর তিনি গতকাল রবিবার ঘটনাস্থল দেখতে আসেন। এ ধরনের মর্মান্তিক ঘটনা যেন কারো পরিবারে না ঘটে বলে তিনি জানান। একই উপজেলার সোনালীডাঙ্গা গ্রামের হাসিনা খাতুন, খুরশিদা, জান্নাতুল ও রূপালী ঘটনাস্থলে পড়ে থাকা বাস দেখে মর্মাহত হন। তারা দুর্ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেন। তারা বেঁচে যাওয়া নববধূর মনের অবস্থা অনুমান করে ব্যথিত হন। মোল্লাডাঙ্গা গ্রামের ফজলুল হকও একই ধরনের অনুভূতি প্রকাশ করেন।
এ ঘটনায় গতকাল জেলা প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনে যান। কমিটির সদস্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেব প্রসাদ পাল জানান, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় মামলা করেছেন দুর্ঘটনা কবলিত ট্রেনের চালক। মামলায় বাসের চালককে আসামি করা হয়েছে।
