এরশাদের আন্দোলনের ঘোষণা সম্পর্কে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তার এই বক্তব্য দ্বিচারিতা চরিত্রের শামিল। তিনি সরকারে থেকে আন্দোলনের কথা বলতে পারেন না। গতকাল রবিবার নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে ‘সড়ক দুর্ঘটনা হ্রাস কল্পে গণসচেতনতা বৃদ্ধিমূলক রোড শো ২০১৪’ ক্যাম্পেইন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এরশাদকে উদ্দেশ করে যোগাযোগমন্ত্রী বলেন, আন্দোলন করবেন ভালো কথা বিরোধী দলে গিয়ে আন্দোলন করুন। সরকারের মন্ত্রীত্ব নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যায় না। তাছাড়া এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে কাজ করছেন। বিএনপির আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও কর্মসূচির বিরুদ্ধে সরকার সমুচিত জবাব দেবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
চট্টগ্রাম বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই শহরে যানবাহন চলাচলে কোন শৃঙ্ক্ষলা নেই। পুরো শহর ময়লা-আবর্জনা দুর্গন্ধে পরিবেশ ভারি হয়ে উঠেছে। চট্টগ্রামের রাস্তাঘাটের বেহালদশা। বিলবোর্ডের জন্য সবুজ পাহাড় ও নদী দেখা যায় না। তিনি বলেন, এ চট্টগ্রামের উন্নয়নে আন্তরিকতা ও কমিটমেন্ট প্রয়োজন। আমাকে দায়িত্ব দিলে আমি তিন দিনের মধ্যে এসব সংস্কার করে দিতে পারবো। আর কার্পেটিংয়ের কাজে ৭ থেকে ১০ দিন লাগবে।
এর আগে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলওয়ে ওভারপাসের কার্যক্রম পরিদর্শন করতে এসে যোগাযোগমন্ত্রী বলেন, দেশের মানুষ স্বস্তিতে আছে। এখন দেশে আন্দোলনের কোন পরিস্থিতি নেই। বিএনপির আন্দোলনের গাড়ি এ যাত্রায়ও বিকল হয়ে গেছে।
