সাগরে ৭শ যাত্রী নিয়ে এমভি মতিন বিকল

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২২:৪৫
বিআইডব্লিউটিসির একটি জাহাজ ৭শ’ যাত্রী নিয়ে গতকাল রবিবার সাগরের মাঝপথে বিকল হয়ে পড়ে। ঝড়ো হাওয়ায় সমুদ্র উত্তাল ছিল। এ সময় যাত্রীরা আতঙ্কে কান্নাকাটি শুরু করে। পরে জাহাজটি ভাসতে ভাসতে পিছনে গিয়ে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া উপকূলীয় এলাকায় নোঙর করে। সেখানে জাহাজ থেকে নৌকায় করে যাত্রীদের নিরাপদে উপকূলে নামিয়ে দেয়া হয়। বিআইডব্লিউটিসি জানায়, গতকাল সন্দ্বীপের গুপ্তচরা এলাকা থেকে ‘এমভি মতিন’ যাত্রী নিয়ে চট্টগ্রামের সদরঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। ঈদের ছুটি শেষে শহরে ফিরছিলেন যাত্রীরা। মাঝপথে এসে জাহাজের ইঞ্জিন হঠাত্ বিকল হয়ে পড়ে। জাহাজটি ভাসতে ভাসতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় গিয়ে উপকূল থেকে প্রায় ২শ’ ফুট দূরে সাগরে নোঙর করতে সক্ষম হয়। এ ব্যাপারে বিআইডব্লিউটিসির চট্টগ্রামের ব্যবস্থাপক (যাত্রী) নাসির উদ্দিন মাহমুদ ইত্তেফাককে জানান, মাঝপথে একটি ইঞ্জিন বিকল হয়ে পড়লেও আরেকটি ইঞ্জিন সচল ছিল। সচল থাকা অপর ইঞ্জিনের মাধ্যমেই জাহাজটি বাঁশবাড়িয়া উপকূলীয় এলাকায় গিয়ে নোঙর করতে সক্ষম হয়। এতে যাত্রীদেরও কোন ক্ষতি হয়নি। সকলকে নিরাপদে নৌকায় করে উপকূলে নামিয়ে দেয়া হয়েছে।’