পাংশায় মাসহ ২ ছেলে অপহূত

আপডেট : ০৩ আগস্ট ২০১৪, ২২:৪৬
জেলায় পাংশা পৌর এলাকার মৃগীডাঙ্গা গ্রামে গত শনিবার গভীর রাতে মা ও ২ ছেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রবিবার বিকাল পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। মৃগীডাঙ্গা গ্রামের আলাউদ্দিন মোল্লার স্ত্রী কুলসুম (২৯), ছেলে কাউছার (৯) ও কাজমিরকে (৮) দুর্বৃত্তরা কৌশলে ওই বাড়ি থেকে তাদের অপহরণ করে। এ সময় নগদ টাকাসহ প্রায় লাখখানেক টাকার স্বর্ণালংকারসহ মালামাল লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহূত কুলসুমের দেবর বিদেশ ফেরত কালাম মোল্লা জানান, আনুমানিক রাত ৩ টার দিকে আমার মোবাইলে ভাবীর মোবাইল থেকে ফোন আসে। অপরপ্রান্ত থেকে অপরিচিত এক পুরুষ কণ্ঠ জানায়, কুলসুম ও তার ২ সন্তানকে বাঁচাতে চাইলে ৪ লাখ টাকা নিয়ে যোগাযোগ করতে বলে। এরপর থেকে ওই মোবাইলটি বন্ধ পাওয়া যাচ্ছে বলে তিনি জানান। পাংশা থানার এসআই কামাল হোসেন ভুঁইয়া জানান, রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।