শেয়ারবাজারে গতকাল সোমবার সূচক ও লেনদেন আগেরদিনের তুলনায় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫৬০ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় প্রায় ৩১ শতাংশ বেশি। গত সাড়ে চার মাসেরও বেশি সময় পর ডিএসইতে লেনদেনের পরিমাণ ৫৬০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৬০ কোটি ৪৯ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১৩১ কোটি ৭৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৩৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪০ কোটি ৯৪ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২১০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, গতকাল সোমবার প্রকৌশল খাতে আগের দিনের তুলনায় দ্বিগুণ শেয়ার লেনদেন হয়েছে। সোমবার এ খাতের ২৫টি কোম্পানির ৬৩ কোটি ৯৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। রবিবার লেনদেন হয়েছিল ৩২ কোটি ৩৭ লাখ ৯১ হাজার টাকার শেয়ার। গতকাল সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে গোল্ডেন সনের। এদিন এ কোম্পানির মোট ১৮ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া এপোলো ইস্পাতের ১০ কোটি ৪৫ লাখ ৪০ হাজার টাকা, বিডি বিল্ডিংয়ের ৬ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা, বিএসআরএম স্টিলসের ৪ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকা, ন্যাশনাল টিউবসের ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা, সিঙ্গার বিডির ৪ কোটি ২২ লাখ ৩০ হাজার টাকা এবং জিপিএইচ ইস্পাতের ৩ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা লেনদেন হয়েছে। এ খাতের লেনদেন হওয়া ২৫টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩টির এবং কমেছে ২টি কোম্পানির।
