পণ্য কিনে প্রতারণার শিকার ভোক্তারা এখন থেকে সরাসরি অভিযোগ কেন্দ্রে তাদের অভিযোগ জানাতে পারবেন। এজন্য ভোক্তা অভিযোগ কেন্দ্র স্থাপন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার কাওরান বাজারস্থ টিসিবি ভবনে অধিদপ্তরের কার্যালয়ে এই কেন্দ্র চালু করা হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালকের অধীন একজন উপ-পরিচালক ও দুইজন সহকারী পরিচালক অভিযোগ কেন্দ্রে দায়িত্ব পালন করিবেন।
এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিয়া গতকাল ইত্তেফাককে বলেন, কোন ভোক্তা প্রতারিত হলে এই কেন্দ্রে অভিযোগ করে প্রতিকার পাবেন। ভোক্তাদের সুবিধার্থেই এ কেন্দ্র চালু করা হয়েছে। তিনি বলেন, ভোক্তারা প্রতারিত হলে তাদের অভিযোগ জানাতে হবে। প্রতারণার হাত থেকে বাঁচতে তাদের সচেতন হতে হবে।
কোন ভোক্তা অভিযোগ দায়েরের ক্ষেত্রে অপরাধের কারণ উদ্ভব হওয়ার ত্রিশ দিনের মধ্যে প্রমাণসহ ই-মেইল, ফ্যাক্স বা লিখিত অভিযোগ দাখিল করতে হবে। অভিযোগকারী তার পূর্ণাঙ্গ নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা, ফোন নম্বর, ফ্যাক্স ও ই-মেইল (যদি থাকে) এবং পেশা উল্লেখ করতে হবে।
এছাড়া যার বিরুদ্ধে অভিযোগ তার পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে। অভিযোগ পাঠানোর ঠিকানা: উপ-পরিচালক, জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্র, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর {১ কারওয়ান বাজার, টিসিবি ভবন (৯ম তলা), ঢাকা, ফোন ঃ ৮১৮৯০২৮, ৮১৮৯১০৫, ০১৭৭৭৭৫৩৬৬৮, ফ্যাক্স ঃ ৮১৮৯০২৮, ৮১৮৯১০৫ ই-মেইল ঃ [email protected]
