সুজানগর-কাজীরহাট মহাসড়ক যেন মরণফাঁদ

আপডেট : ০৪ আগস্ট ২০১৪, ২১:৩৩
পাবনার সুজানগর-কাজীরহাট আঞ্চলিক মহাসড়ক যেন মরণফাঁদে পরিণত হয়েছে। জনগুরুত্বপূর্ণ এ সড়কের অধিকাংশ জায়গা থেকে ইট-শুরকি উঠে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ইট-শুরকি উঠে মাটি বের হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা যায়, পাবনা থেকে সুজানগর ভায়া কাজীরহাট পর্যন্ত জনপথ বিভাগের ঐ সড়ক প্রায় তিন বছর আগে সংস্কার করা হয়। এর পরে আর সংস্কার না করায় প্রায় ৪০ কিঃ মিঃ দীর্ঘ এ সড়কের অধিকাংশ জায়গা থেকে ইট-শুরকি উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই ঐ গর্তে পানি কাদা জমে যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। তবুও প্রয়োজনের তাগিদে প্রতিদিন সড়কটি দিয়ে বাস, ট্রাক, মাইক্রোবাস, টেম্পু এবং সিএনজিসহ বিভিন্ন যানবাহন ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে। যে কোন মুহূর্তে এসব যানবাহন দুর্ঘটনায় পতিত হতে পারে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে কাজীরহাট থেকে নাজিরগঞ্জ অংশে সংস্কার করা হয়েছে। খুব শিগগিরই পাবনা-সুজানগর অংশ সংস্কার করা হবে।