বর্ষা মৌসুম প্রায় শেষ হয়ে আসলেও বৃষ্টি না থাকায় উপজেলায় সেচের মাধ্যমে আমন চারা রোপণ করা হচ্ছে। বর্ষা মৌসুমেও চৈত্রের মত প্রচণ্ড তাপদাহে খা-খা করছে উত্তরাঞ্চলের মাঠ-ঘাটসহ আবাদি জমি। ফেঁটে চৌচির হয়ে গেছে নদী-নালা, খাল-বিল, পুকুর, ডোবাসহ নিচু জলাশয়সমূহ। স্মরণকালের ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন এলাকাবাসী। সেচের মাধ্যমে ইতোমধ্যে কৃষক আমন চারা রোপণ শুরু করলেও খুব বেশি আশাবাদি নন তারা।
এদিকে বৃষ্টি না থাকায় আমন রোপণের সময় অতিবাহিত হওয়ার আশংকা দেখা দিলে কৃষক সেচের মাধ্যমে আমন চারা রোপণ করতে শুরু করেছে। উপজেলা কৃষি অফিসার সত্যেন কুমার জানান, চলতি আমন মৌসুমে সুন্দরগঞ্জের ১৫টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকায় আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ৫’শ হেক্টর জমিতে। বর্ষা মৌসুমের শেষ সময়ও বৃষ্টি-বাদল না হওয়ায় আমন চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। তিনি আরও জানান, এভাবে চলতে থাকলে আমনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
