বাংলাদেশ সব সময় ফিলিস্তিনিদের পক্ষে

আপডেট : ০৪ আগস্ট ২০১৪, ২২:১৬
ইরানের সংসদীয় দলকে স্পিকার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের জনগণের পক্ষে কথা বলে। এ বিষয়ে ‘পার্লামেন্টারি ইউনিয়ন অব দ্য ওআইসি মেম্বার স্টেটস’ (পিইউআইসি) যে কোনো পদক্ষেপ নিতে পারে। স্পিকার সোমবার তার কার্যালয়ে সফররত ইরান পার্লামেন্টের ছয় সদস্যবিশিষ্ট সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইরান পার্লামেন্টের নারী ও পরিবার বিষয়ক সংসদীয় ফ্র্যাকশনের প্রধান ফাতমেহ রাহবার। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ফিলিস্তিনের গাজায় নারী-পুরুষ ও শিশুদের ওপর অমানবিক নির্যাতন প্রসঙ্গে ইরানের সংসদীয় প্রতিনিধি দলের নেতা ফাতমেহ রাহবার বলেন, ইরান সরকারের পক্ষ থেকে জোট নিরপেক্ষ আন্দোলনে ফিলিস্তিন সমস্যা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এ বৈঠকেই ফিলিস্তিন সমস্যা নিয়ে একটি সিদ্ধান্ত নেয়া সম্ভব। তিনি বলেন, ফিলিস্তিন বিষয়ে বাংলাদেশ যে নিন্দা জানিয়েছে এটি অবশ্যই মুসলিম উম্মাহ তথা মানবতার জন্য ইতিবাচক দিক। ইরান প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে স্পিকার শিরীন শারমিন বলেন, বাংলাদেশের সংসদ নেতা, স্পিকার, বিরোধী দলের নেতা ও সংসদ উপনেতা নারী। নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতাকরণে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে। মাতৃ ও শিশুমৃত্যুহার হ্রাসসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশের অর্থপূর্ণ অর্জন রয়েছে। শিল্প ও কৃষিসহ সকলক্ষেত্রে নারীরা কাজ করছেন।