একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর জামায়াত নেতাদেরসহ আসামিপক্ষের আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস বিষয়ক অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ স্টিফেন জে র্যাপ। গতকাল সোমবার রাত পৌনে ৮টা থেকে প্রায় এক ঘণ্টা তারা রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে এই বৈঠক করেন।
বৈঠকে জামায়াত নেতা ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট তাজুল ইসলাম, তানভীর আল আমিন, ব্যারিস্টার মতিউর রহমান, অ্যাডভোকেট আরমান আলী, এহসান এ সিদ্দিকী, নাজিব মোমেন, শিশির মোহাম্মদ মনির ও ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম। তবে জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বিদেশে থাকায় বৈঠকে ছিলেন না। বৈঠক শেষে উপস্থিত আইনজীবীদের কয়েকজন সাংবাদিকদের জানান, বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখা হচ্ছে না বলে তারা র্যাপকে জানিয়েছেন। অভিযুক্তদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। এছাড়া বিচারকাজে রাজনৈতিক প্রভাব কাজ করছে বলেও তারা র্যাপকে জানান।
