দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে দমকা হাওয়ায় পদ্মায় প্রচণ্ড ঢেউয়ের কারণে লঞ্চ ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে গতকাল সোমবার বিকাল পৌনে ৪টা থেকে ওই রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে ঈদের ছুটি শেষে রাজধানীগামী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়ায় কর্মরত ম্যানেজার (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ৯টি রোরো, ৩টি কেটাইপ ও ৩টি ইউটিলিটি চলাচল করছে। বৈরী আবহাওয়ায় কেটাইপ ও ইউটিলিটি ফেরিগুলো চলাচল কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও যানবাহনের অতিরিক্ত চাপ ও যাত্রী দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে সাবধানে ফেরিগুলো রুটে সচল রাখা হয়েছে। তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে ফেরি ট্রিপে কয়েক গুণ বেশি সময় ব্যয় হচ্ছে।
এতে গতকাল সকালের দিকে দৌলতদিয়ায় প্রায় ১শ যাত্রীবাহী বাস ও ২শ পণ্যবাহী ট্রাক নদী পারের অপেক্ষায় ছিল। বিআইডব্লিউটিএ’র পোর্ট অফিসার মো. কবির হোসন বলেন, তীব্র বাতাসে নদী উত্তাল থাকায় অন্য সময় লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। স্রোত কিছুটা কমলেই লঞ্চ চলাচল শুরু করা হবে।
