র্যাবের প্রশংসা করে যুক্তরাষ্ট্র সফররত জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য এবং পল্লী উন্নয়ন ও সমবার প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, র্যাব অনেক ভাল কাজ করছে। র্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে যুক্তি তুলে তিনি প্রশ্ন রাখেন, সন্ত্রাসীরা র্যাবকে গুলি করে মারতে চাইলে র্যাব কেন গুলি করে মারবে না?
উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের জামিন দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, সন্ত্রাসীদের নামে ৭ থেকে ১০টি মামলা থাকলেও সুপ্রিম কোর্টে টাকা এবং ভালো আইনজীবী দিলেই যারা বিচারপতি থাকেন তারা এমনিতেই ছেড়ে দেন। সন্ত্রাসীরা বেরিয়ে এসে আবার সন্ত্রাস করে। তিনি আইনের ফাঁক ফোকরের কথা তুলে ধরে বলেন, একটি চশমা চুরি এবং সারা দেশের সব টাকা চুরি করলেও ৩৭৯ ধারায় মামলা হয়।
স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মসিউর রহমান রাঙ্গা।
নারায়ণগঞ্জের সাত খুন প্রসঙ্গে মসিউর রহমান রাঙ্গা বলেন, এই খুনের বিচার হবেই। এর সঙ্গে যদি কোনো সংসদ সদস্য জড়িত থাকে এবং প্রমাণ পাওয়া যায় তারও বিচার হবে। তিনি বলেন, যদি এই খুনের বিচার না হয় তাহলে তিনি এ সরকারের সঙ্গে থাকবেন না এবং পদত্যাগ করবেন।
