বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গতকাল সোমবার চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজ থেকে খোলা পণ্য লাইটারিং ব্যাহত হয়েছে। পাশাপাশি বন্দর থেকে খোলা পণ্যের ডেলিভারিও ছিল কম। অস্থায়ী দমকা বাতাসের সাথে থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত হওয়ায় অনেক লাইটারেজ জাহাজ ঝুঁকি এড়াতে গতকাল সদরঘাট জেটি থেকে বহির্নোঙরে যায়নি।
চট্টগ্রাম বন্দরের অপারেশন বিভাগের একটি সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গতকাল ৫০টি সমুদ্রগামী পণ্যবাহী জাহাজ নোঙর করা ছিল।
এদিকে গতকাল বিকাল পর্যন্ত চট্টগ্রামে ৮৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরে গতকালও ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ছিল। এদিকে পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি থাকা সুস্পষ্ট লঘুচাপটি গতকাল বিকালে নিম্নচাপে পরিণত হয়েছে বলে পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়।
