ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষের টাকা ফেরত দেয়ার দাবিতে সিভিল ? সার্জন ডা. নারায়ন চন্দ দাসের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে চাকরি প্রার্থী ও তাদের স্বজনরা। গতকাল সোমবার সকালে পৌর শহরের অবকাশ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। তবে সিভিল সার্জন পুলিশ প্রহরায় ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে যান।
সিভিল সার্জনের ওএসডির খবর প্রচারিত হলে একদল চাকরি প্রার্থী ও তাদের স্বজনরা বিক্ষোভ মিছিল নিয়ে তার বাসভবনের সামনে এসে তার বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। এসময় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের নিবৃত্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাকরি প্রার্থীরা উপস্থিত সাংবাদিকদের কাছে ঘুষ দেয়ার কথা অকপটে স্বীকার করে বলেন, সিভিল সার্জনের নাম বলে তার অফিসের দুই কর্মচারী নজরুল, পল্লব আমাদের কাছ থেকে ঘুষের টাকা নিয়েছেন। এসময় অভিযুক্ত নজরুল ও পল্লব ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষোভকারীরা তাদের ঘিরে ধরে উত্তেজিত হয়ে উঠেন। পরে পুলিশ প্রহরায় সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করেন।
সদর মডেল থানার এএসআই বশির আহমেদ বলেন, সিভিল সার্জনের বাসভবন ঘেরাও করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুলিশ প্রহরায় তিনি বাড়ি থেকে বের হন।
সিভিল সার্জন ডা. নারায়ণ চন্দ্র দাসের বিরুদ্ধে ১৩ প্রার্থীর কাছ থেকে ৩৬ লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি না দেয়ার অভিযোগে জেলার কসবা ও সদর থানায় পৃথক এজাহার দায়ের করা হয়েছে। তবে ঘুষের টাকা ফেরত না দিয়েই সিভিল সার্জন পুলিশ প্রহরায় ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করায় ক্ষোভ প্রকাশ করেন চাকরিপ্রার্থী ও তাদের স্বজনরা।
