বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর ভাঙ্গনে উজিরপুর-সাতলা সড়কের চতলবাড়ি বাজারসহ সংযোগ সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে উজিরপুর উপজেলা সদরের সাথে ৫টি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো কোন ব্যবস্থা গ্রহণ করেননি কর্তৃপক্ষ। বরিশালের উজিরপুর উপজেলা সদর থেকে প্রায় ৬ কিলোমিটার পশ্চিমে বরাকোঠা ইউনিয়ন। এ ইউনিয়নের বুক চিরে সাতলা, হারতা, ওটরা, বড়াকোঠা ও উজিরপুর সদর ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। ১ আগষ্ট থেকে সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙ্গনে সংযোগ ও কার্পেটিং সড়ক সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
উপজেলার সাকরাল গ্রামের ইউপি সদস্য হারুন হাওলাদার, বাবুল মৃধা, ফয়েজ হাওলাদার জানান, সমপ্রতি সন্ধ্যা নদীর জোয়ারের পানিতে অতিরিক্ত চাপ থাকায় নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে।
গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন ও উপজেলা প্রকৌশলী মোঃ ইউনুস আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহরাব হোসেন বলেন, সড়ক যোগাযোগ চালু রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
