নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের নিকট থেকে হ্যান্ডকাপ পরা অবস্থায় আসামি পালিয়ে যাবার ঘটনায় উপজেলার হুগলা গ্রামের শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ফলে এ গ্রামের অনেক পুরুষ পলাতক রযেছেন। এমনকি সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, তেতা মিয়া নামে চুরি মামলার এক আসামিকে মামলার বাদী পুলিশ নিয়ে গত শুক্রবার তেতার বাড়ি থেকে ধরে নিয়ে আসে। বাদি চোরকে মারধর করতে থাকলে তেতার মা হাজেরা খাতুন এর প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। এ সময়ে হাজেরার চিত্কারে ঘটনাস্থলে লোকজন জড়ো হয়। এক পর্যায়ে হ্যান্ডকাপ পরা চোর পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
পুলিশ চোরকে দেখতে না পেয়ে বেকায়দায় পড়ে যায়। চোরকে ধরার জন্য সারারাত পুলিশ হুগলা গ্রামে অভিযান চালায়, কিন্তু চোরের কোন হদিস না পেয়ে গত শনিবার পুলিশ গ্রামের শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার পর থেকেই হুগলা গ্রামের লোকজন গ্রেফতারের ভয়ে গ্রাম ছেড়ে চলে যান।
