রাজধানীর বেইলী রোডে গাড়ি ভাংচুর, পুলিশ ও মানুষ হত্যার অভিযোগে ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ডিবি পুলিশ।
গতকাল মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে ডিবি পুলিশের উপ -পরিদর্শক দীপক কুমার দাস দণ্ডবিধি আইন ও বিস্ফোরক আইনে পৃথক দুটি চার্জশিট দাখিল করেছেন। চার্জশিটের উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরব, হাবিবুন নবী খান সোহেল, বরকত উল্লাহ ভুলু, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ। গত বছরের ২ মার্চ বিকাল ৩টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মগবাজার পর্যন্ত মিছিলের কর্মসূচি ছিল। বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি মগবাজার যাওয়ার পথে বেইলী রোডের সোনালী ব্যাংক ও ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারেরও অধিক নেতাকর্মী মারাত্মক অস্ত্র-শস্ত্র, ইটপাটকেল লাঠিসোটা, লোহার রড নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। তাদের বিরুদ্ধে মানুষ ও পুলিশ হত্যার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়। এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক মো. আলী হোসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরব, হাবিবুন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, সুলতান সালাহউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ৩৭ জনকে আসামি করে রমনা থানায় মামলা দায়ের করেন।
