রাজশাহী মেট্রোপলিটান এলাকায় নতুন ৮ থানা হচ্ছে

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ২২:৩১
রাজশাহী মেট্রোপলিটন এলাকায় আরো আটটি নতুন থানা গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত এই থানাগুলো হলো কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা, কাটাখালি, বিমানবন্দর, হুজড়িপাড়া, গোগ্রাম, বানেশ্বর ও দেলুয়াবাড়ি। আরএমপির নতুন থানা স্থাপন ও জনবল বৃদ্ধি সংক্রান্ত কমিটির সভা সূত্রে এ তথ্য জানা গেছে। ১৯৯২ সালের এক জুলাই রাজশাহী মেট্রোপলিটান পুলিশের (আরএমপি) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দীর্ঘ ২২ বছরে অন্তর্ভুক্ত এলাকার জনসংখ্যা প্রায় ছয়গুণ বেড়ে বর্তমানে প্রায় ২০ লাখ হয়েছে। প্রতিষ্ঠার সময়ে গঠিত চার থানা এবং অনুমোদিত ২ হাজার ১২১ জনবল নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে আরএমপি । সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিদ্যমান চার থানা বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার ও শাহ্ মখদুমের পুনর্গঠন এবং জেলার পাঁচটি থানা গোদাগাড়ী, পবা, দুর্গাপুর, চারঘাট ও পুঠিয়ার কিছু ইউনিয়ন ও মৌজা নিয়ে আটটি নতুন থানা গঠন করে আরএমপিতে মোট ১২ থানা গঠনের প্রস্তাব করা হয়েছে। সূত্র মতে, বিদ্যমান বোয়ালিয়া মডেল থানা পুনর্গঠন করে চন্দ্রিমা থানা, রাজপাড়া থানা পুনর্গঠন করে কাশিয়াডাঙ্গা থানা, মতিহার থানা পুনর্গঠন করে কাটাখালি থানা, শাহ্ মখদুম থানা পুনর্গঠন করে বিমানবন্দর থানা এবং পবা থানার চারটি ইউনিয়ন দর্শনপাড়া, হুজরিপাড়া, নওহাটা ও বড়গাছির কিছু মৌজা নিয়ে হুজরিপাড়া থানা, পবা থানার দামকুড়াহাট এবং গোদাগাড়ী থানার দেওপাড়া ও গোগ্রাম নিয়ে গোগ্রাম থানা এবং পুঠিয়া ও চারঘাট থানার তিনটি ইউনিয়নের (ইউসুফপুর, বেলপুকুর ও বানেশ্বর) কিছু মৌজা নিয়ে বানেশ্বর থানা এবং দুর্গাপুর থানার তিনটি ইউনিয়ন জয়নগর, মাড়িয়া ও দেলুয়াবাড়ির কিছু মৌজা নিয়ে দেলুয়াবাড়ি থানা গঠনের প্রস্তাব করা হয়েছে। এ ব্যাপারে আরএমপির উপ-কমিশনার (পূর্ব) প্রলয় চিসিম বলেন, গত সোমবার রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রস্তাব করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ নিয়ে আরো কাজ করতে হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাতে সময় লাগবে।