চাঁদপুরের মেঘনায় দুই লাশ উদ্ধার

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ২২:৪৫
চাঁদপুরের হাইমচর উপজেলার মাঝেরচর এলাকা থেকে দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুইটির একটি পিনাক-৬ এর কোন যাত্রীর বলে ধারণা করা হচ্ছে। একটি লাশ আনুমানিক ২৫ বছর বয়সী নারীর এবং অপরটি ৩০ বছর বয়সী পুরুষের। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, পুরুষের লাশটি লঞ্চডুবির আগের হতে পারে। তবে নারীর লাশটি কোন লঞ্চযাত্রীর হতে পারে। হাইমচর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, গতকাল সকালে লাশ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নারীর লাশটি পিনাক-৬ এর কোন যাত্রীর হতে পারে। কমলনগরের চার জন নিখোঁজ কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, ডুবে যাওয়া পিনাক-৬ এ কমলনগরের ১৩ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে চার জন এখনো নিখোঁজ। তারা হলেন কমলনগরের চর কাদিরা ইউনিয়নের বাদশা মিয়ার ছেলে কাজী আনার উল্যাহ, চর ফলকন ইউনিয়নের ছাদল হক প্রকাশ গাজী (৭১), চর মার্টিন ইউনিয়নের মুসা মিয়া ও একই ইউনিয়নের আলী আহাম্মদ (৫০)। সালথায় একই পরিবারের তিনজন নিখোঁজ সালথা (ফরিদপুর) সংবাদদাতা জানান, সোমবার লঞ্চ ডুবির ঘটনায় সালথা উপজেলার গট্টি ইউনিয়নের গট্টি গ্রামের সৈয়দ পরিবারের তিন জন নিখোঁজ হয়। তারা হলেন শেফালী বেগম (৩২), তার ছেলে সৈয়দ আরাফ (০৮) ও সৈয়দ আনাম (০৪)। এ ঘটনায় বেঁচে যান শেফালীর স্বামী সৈয়দ সাদি।