সিঙ্গেল ডিজিটে এসএমই লোনের পরিমাণ বাড়াতে উদ্যোগী হবার আহ্বান

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২০:৩৮
এসএমই উদ্যোক্তাদের সার্বিক উন্নয়ন সহযোগিতায় আরো কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেবে বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সাথে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহর দ্বি-পাক্ষিক বৈঠকে এই অভিমত ব্যক্ত করা হয়। বৈঠকে কে এম হাবিব উল্লাহ বলেন, মাঠে-ময়দানে যে সকল উদ্যোক্তা গড়ে উঠেছেন, তাদের জন্য আর্থিক সংকট একটি বড় অন্তরায়, বেশি সুদে টাকা নিয়ে তারা এগুতে পারছে না। এসএমই ফাউন্ডেশন সীমিত আকারে এই সমস্যার সমাধানে সিঙ্গেল ডিজিট হারে এসএমই উদ্যোক্তাদের অর্থ সহায়তা দিচ্ছে। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তাদের যতটুকু অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে তা নেহায়েত অপ্রতুল। এই সমস্যার সমাধানে বাংলাদেশ ব্যাংক বিশেষ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে, এসএমই লোনের জন্য বরাদ্দকৃত যে অর্থ লোন হিসেবে দেয়া হচ্ছে, তা সিঙ্গেল ডিজিটে উদ্যোক্তাদেরকে দেয়া যায়। এসএমই ফাউন্ডেশন চায়, দেশের সকল উদ্যোক্তারা সিঙ্গেল ডিজিট হারে লোন পাক। গভর্নর ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ফান্ড থেকে এসএমই উদ্যোক্তাদেরকে কম রেটে ফাউন্ডেশন অর্থ সহায়তা দিতে পারে সে বিষয়টি বাংলাদেশ ব্যাংক সক্রিয় বিবেচনা করবে। দেশে ভালো সম্ভাবনা রয়েছে, প্রতিকূল অবস্থা এবং মন্দা সত্ত্বেও আমাদের জিডিপি প্রশংসনীয় যা কেবলমাত্র এই এসএমইদের কারণেই সম্ভব হয়েছে। গভর্নরের অফিস কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে ডেপুটি গভর্নর ও ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য মো. আবুল কাসেম এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. ইহসানুল করিম উপস্থিত ছিলেন।