সড়ক দুর্ঘটনায় মা হারা শিশুকে পিতার কাছে হস্তান্তর

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২১:১৩
অবশেষে একমাস পর গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় আহত পরিচয়হীন সেই শিশু (মুর্শিদা খাতুন শিখা) কে তার অভিভাবকের কাছে হস্তান্তর করেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। আদালতের নির্দেশে শিশুটিকে উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের বেড়ামালঞ্চা গ্রামে এলাকাবাসীর উপস্থিতিতে তার পিতা গোলাম মোস্তফার কাছে হস্তান্তর করে পুলিশ। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, গত ৫ জুলাই ঢাকা-রংপুর মহাসড়কের কাটাখালি ব্রিজ সংলগ্ন হাওয়াখানা এলাকায় ট্রাক চাপায় ঘটনাস্থলেই শিশুটির মা নিহত হয়। সে সময় তার কোলে থাকা দু’বছরের শিশুটি গুরুতর আহত হয়। দু’দিন ধরে ওই নারীর লাশ মর্গে পড়ে থাকার পর ৬ জুলাই আঞ্জুমান মফিদুলের নিকট দাফনের জন্য হস্তান্তর করা হয়। আহত শিশুটিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিখা বর্তমানে সুস্থ আছে। তিনি আরো জানান, বেড়া মালঞ্চা গ্রামের গোলাম মোস্তফা গুলশান ওই শিশুটির পিতা হিসাবে নিজেকে দাবি করে থানায় যোগাযোগ করেন। মঙ্গলবার বিকালে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে শিখাকে তার বাবা গোলাম মোস্তফার কাছে হস্তান্তর করা হয়।