নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রচণ্ড রোদের মধ্যে একটি তিন বছরের শিশুর চোখে, মাথায় ও হাতে রক্তমাখা ব্যান্ডেজসহ মাটিতে বসিয়ে ভিক্ষা করছে তার আপন বড় বোন। অবুঝ শিশুকে অন্ধ সাজিয়ে মানুষকে বোকা বানিয়ে ভিক্ষা করার ঘটনা উদঘাটন করলেন সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ। মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তার ফুট ওভার ব্রিজের ওপর এক অন্ধ শিশুকে ভিক্ষা দিতে গিয়ে বিষয়টি উদঘাটন করেন তিনি। পরে শিশুসহ মেয়েটিকে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনাটি ফেসবুকে ভাইরাল হয়েছে।
ফেসবুকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সোনারগাঁ মোগড়াপাড়া চৌরাস্তার ফুটওভার ব্রিজের উপর একটি শিশুর চোখ ও হাতে ব্যান্ডেজ করা এবং রক্তমাখা অবস্থায় বসে আছে, পাশে একজন মেয়ে বোরকা পড়ে শিশুটিকে জড়িয়ে কাঁদতে কাঁদতে সবার কাছে ভিক্ষা চাইছে। মেয়েটি চিত্কার করে বলছে, ‘আমরা অসহায়, আমাদের কেউ নেই, আমার ছোট্ট বোনটির চোখ নষ্ট হয়ে গেছে, হাত ভেঙে গেছে, ওর চিকিত্সা করানোর জন্য আপনারা কিছু টাকা দিলেই আমার ছোট্ট বোনটি চোখে দেখতে পাবে এবং হাত ভালো করা সম্ভব হবে।’ মেয়েটির কান্না দেখে পুলিশের এসআই আজাদের হূদয় গলে যায়। শিশুটির চোখে ও হাতে রক্তমাখা ব্যান্ডেজ দেখে আশেপাশের অনেকের মতো তিনিও সাহায্যের হাত বাড়িয়ে দেন। শিশুটিকে দেওয়ার জন্য তিনি পকেট থেকে টাকা বের করেন। ঠিক তখনই পুলিশ অফিসারের মনে সন্দেহ হলো শিশুটির ব্যান্ডেজ দেখে। শিশুর হাত যদি ভাঙা থাকে তাহলে তার হাত ধরলে একটু হলেও সে ব্যথা পাবে। তখন তিনি শিশুর হাতের ব্যান্ডেজে সামান্য চাপ দিলেও শিশুটি কোনো চিত্কার দেয়নি। এতে ভিক্ষুকদের প্রতারণার বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত হয়ে যান। পরে শত শত লোকের সামনে শিশু ও মেয়েটিকে ফুট ওভার ব্রিজ থেকে নিচে নামিয়ে আনেন। ‘এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করছো কেন?’- বলতেই মেয়েটি পুলিশের কাছে ক্ষমা চায়। পরে মেয়েটি শিশুটির চোখ ও হাতের ব্যান্ডেজ খুলে দেখায়। অবুঝ শিশুকে অন্ধ বানিয়ে চোখে ও হাতে ব্যান্ডেজ করে চিকিত্সার টাকা সংগ্রহের নামে সে ভিক্ষা করছে।
এভাবেই মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা আদায় করে আসছে সে। এই প্রতারক ভিক্ষুক নারীর নাম তাসলিমা আক্তার (১৫) ও শিশুটির নাম সালেহা (৩)। এরা দুইজন রাজধানীর রায়েরবাগের সি ব্লকের এক বাড়ির ভাড়াটিয়া সালাউদ্দিনের মেয়ে। তবে কার কথায় এমন প্রতারণার আশ্রয় নিয়ে ভিক্ষা করছে তাসলিমা তা এখন পর্যন্ত জানা যায়নি।
এসআই আবুল কালাম আজাদ বলেন, এভাবে যদি মানুষ প্রতারণা করে ভিক্ষা করে তাহলে তো প্রকৃত অসহায় দরিদ্র মানুষেরা সাহায্য থেকে বঞ্চিতই থেকে যাবে।
