বগুড়ার শাজাহানপুরে হাত কাটা মামলার আসামি লয়া মিয়া (৩০) নামের এক ব্যক্তি খুন হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বামুনীয়া মোহাম্মাদ আলীর বাঁশঝাড়ে একদল মুখোশধারী তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।
স্থানীয় সূত্র জানায়, লয়া মিয়া তার ৪/৫ জন সঙ্গীকে সাথে নিয়ে বাঁশঝাড়ে বসে মাদক সেবন করছিল। এমন সময় ৫/৬ জন মুখোশধারীরা অতর্কিত হামলা করে লয়া মিয়ার মাথা, ডান হাত ও ডান পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে । এ সময় লয়া মিয়ার সঙ্গীরা প্রাণভয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক ) হাসপাতাল মর্গে পাঠায়।
৪ এপ্রিল উপজেলার আড়িয়া বাজারে উপজেলার রহিমাবাদ দক্ষিণপাড়ার রফিকুল ইসলামের ছেলে মশিউর ও দিলবর রহমানের ছেলে মোর্শেদের ওপর একদল সন্ত্রাসী হামলা চালিয়ে মশিউরের বাম হাত কেটে নিয়ে যায়। ঐ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত ৬ নং আসামি লয়া মিয়া।
শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল হাসান হত্যার ঘটনা নিশ্চিত করে জানান, বুধবার বিকাল পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত লয়া মিয়া উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ দক্ষিণপাড়ার দুলু মিয়ার ছেলে।
